ঢাকা
প্রকাশিত : November 23, 2026
আপডেট: November 23, 2026
প্রকাশিত : November 23, 2026

দোয়ারাবাজারে চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটির নির্মাণকাজ দীর্ঘ প্রায় পাঁচ বছরেও শেষ হয়নি। চলতি বছরের আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামো ও অন্যান্য কাজ শেষ হলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক বা এপ্রোচ রোড। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত কোনো কাজেই আসছে না, ফলে বাধ্য হয়ে এলাকাবাসীকে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে। অপরিকল্পিত এই নির্মাণ কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারের বদলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা।

দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু করা হয়েছিল। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, খামখেয়ালীপনা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে।

সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ এটি। প্রতিদিন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হন।

আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, 'সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে এবং স্টিলের মই বেয়ে সেতুতে উঠে এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।'

আলীপুর বাজারের ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, 'এই সেতু দিয়ে ওঠানামা করা যে কতটা কষ্ট তা বলে বুঝানো যাবে না। ঠিকাদারের উদাসীনতায় সংযোগ সড়কের কাজ ঝুলে রয়েছে। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে এই সেতুতে উঠতে ভয় পায়। বাজারের মালামাল পারাপার করতে ব্যবসায়ীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। আমাদের এই জনদুর্ভোগ যেন দেখার কেউ নেই।'

সিএনজি চালক ফাইজুল মিয়া বলেন, “সংযোগ সড়ক না থাকায় আমরা এই সেতু দিয়ে গাড়ি পারাপার করতে পারছিনা।”

স্থানীয়রা জানান, নদী পারাপারের জন্য আগে এলাকার মানুষ রশি টানা খেয়া নৌকা ব্যবহার করত এবং খেয়ানৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেল সহজেই পার করা যেত। কিন্তু সেতু হওয়ার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন অন্তত ২০ ফুট উচ্চতার পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পাঁচ বছর ধরে কাজ চললেও সংযোগ সড়ক করা হয়নি। ঠিকাদারের খামখেয়ালিপনায় ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল এবং কাজ বন্ধ না রাখলে আরও দুই বছর আগেই এর কাজ শেষ হতো।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার শংকর বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, 'সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সাথে সমন্বয় করে খাসিয়ামারা সেতুর দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিঘ্রই কাজ শুরু হবে।'

সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, 'পাঁচ-ছয়মাস আগে খাসিয়ামারা সেতুর দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য আমার মধ্যস্থতায় ঠিকাদারের সাথে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজন লোকের নয় লাখ টাকার একটি চুক্তি হয়। পরে চুক্তি অনুযায়ী ব্রীজের পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করলেও ঠিকাদার বিল পরিশোধ করতে সময়ক্ষেপন করে। এভাবে প্রায় পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর কিছুদিন আগে ঠিকাদার আংশিক বিল পরিশোধ করেন। এখন কাজের দায়িত্বে থাকা লোকজন ঠিকাদারের কাছে অগ্রীম দুই লাখ টাকার বিল দাবি করেছেন। এ বিষয়ে ঠিকাদারের সাথে কোনো সুরহা না হওয়ায় কাজের দায়িত্বে থাকা লোকজন সেতুর পশ্চিম পাশের কাজ বন্ধ রেখেছেন।'

দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, 'ঠিকাদারের সাথে আলাপ হয়েছে। ঠিকাদার জানিয়েছে স্থানীয়ভাবে যাদেরকে মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা অর্ধেক কাজ করেছে। তাদের সাথে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে।'

তিনি আরো বলেন, 'কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিয়েছি। আশা করি খুব দ্রুত মাটি ভরাটের কাজ শুরু হবে।'

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram