

যশোর প্রতিনিধি: যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাঁ হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
গুরুতর আহত তিথিকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের মিরাপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথি মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ধারালো দা দিয়ে বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তিনি ও তার মা অ্যাম্বুলেন্সযোগে তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী তার স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছেন। এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

