

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাত ১২ টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশ উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া গেলে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

