ঢাকা
প্রকাশিত : November 21, 2026
আপডেট: November 21, 2026
প্রকাশিত : November 21, 2026

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি তার বাণীতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, যাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

রাষ্ট্রপতি বলেন, সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন−এটাই জাতির প্রত্যাশা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram