

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন মাহমুদুল হক (৪৫) নামে এক ব্যবসায়ী। তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর মাইক্রোবাসের পথ আটকে খুব কাছ থেকে গুলি চালায় বলে অভিযোগ করেছেন তিনি। হামলায় জড়িতদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও দাবি করেছেন আহত ব্যবসায়ী।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহমুদুল হককে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মাহমুদুলের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত মাইক্রোবাসে করে বাসা থেকে রামুর দিকে যাচ্ছিলেন তিনি। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে হামলাকারীরা। এ সময় মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান তিনি।
হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে শনাক্ত করার দাবি করেছেন মাহমুদুল হক। তাঁর অভিযোগ, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন আবু নাছের নামে একজনকে আটক করলেও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ তাঁকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করেছেন মাহমুদুলের স্বজনেরা।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবারই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

