

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধ মিজানুর রহমান (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার ভোররাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর বিকেলে তাকে স্থানীয় মনির মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী শুভ মোল্লার পরিবারের সদস্যরা লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে। ওই বৃদ্ধের সাথে মাদক ব্যবসায়ী শুভদের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের উপর হামলা চালায়। এর দুইদিন আগে ওই বৃদ্ধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপট করে মাদক ব্যবসায়ী উজ্জলের পরিবারের লোকজন।
৪ নভেম্বরের বেধড়ক মারপিটের পর ওই বৃদ্ধ মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আবার বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানে ভোর রাতে তার মৃত্যু হয়।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।

