

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের ৯ জনের সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের দিকে যাচ্ছিল। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। তিনি জানান জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহায়তার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।
ঘটনার স্থান থেকে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ধ্বংসযজ্ঞকে ‘প্রলয়ংকারী’ হিসেবে বর্ণনা করে সাংবাদিকদের বলেন, বিমানটি ‘একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসার মতো দেখাচ্ছিল এবং রাস্তার পাশে একটি বিশাল গর্ত তৈরি করেছে’। তবে মাটিতে থাকা কোনো মানুষ এতে হতাহত হয়নি বলে তিনি জানান।
উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেট কর্তৃক সংগৃহীত ককপিটের রেকর্ডিংয়ে শোনা যায়, বিমানটি দ্রুত উচ্চতা হারানোর পূর্বে চালক প্রথমে ‘নিয়ন্ত্রণযোগ্য’ বরফ জমার সমস্যার কথা বলছিলেন। এরপরই আতঙ্কিত ক্রুরা চিৎকার করে বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’।
অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি তীব্র গতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়। বাহামাসগামী বিমানটি ব্যক্তিগত হলেও এতে কারা অবস্থান করছিলেন তা অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
সূত্র: আল জাজিরা

