

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: পুলিশের ওপর হামলা এবং নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ (২০) আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১ নভেম্বর) দুপুরে প্রিন্সের ছোট বোন এক স্কুলছাত্রীকে বাদ দিয়ে বাকি সাতজনকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের পরিবার ও তার বন্ধুরা। তারা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), প্রিন্সের মা শামী আক্তার পলি (৩৮), প্রিন্সের ছোট বোন সপ্তম শ্রেণির ছাত্রী (আইনি প্রক্রিয়ার কারণে শিশু হওয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়নি), প্রিন্সের বন্ধু কাওছার আহমদ সোহাগ (২১), ইফাত আলম রাবিদ (২১), শাহরিয়ার সাদি (১৯) এবং তাকরিব রহমান তানহির (২০)।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতা মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টার মধ্যে হাজতে তিনি অসুস্থবোধ করলে তাকে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। এই প্রক্রিয়ার মধ্যেই তার মা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন, পুলিশকে আঘাত করেন এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
এই ঘটনায় পুলিশি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে সিলেটের ওই বেসরকারি হাসপাতাল থেকে অভিযান চালিয়ে প্রিন্সসহ তার পরিবারের সদস্য ও বন্ধুদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে মামলার অন্যান্য আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

