

জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় এ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতবিনিময়ে জুলাই সনদে স্বাক্ষর করা ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, বিরোধী দল তথা জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল এই মতবিনিময় বৈঠকে অংশ নিচ্ছে না বলে তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়েছিল। সে বৈঠকে রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময়ে দল ও জোটের প্রতিনিধিদের সংবিধান সংশোধন বিষয়ে মতামত উপস্থাপন করতে অনুরোধ করা হয়েছে।
তবে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে বিরোধী দল। এটি গঠন না করায় সংবিধান সংশোধন–সংক্রান্ত সরকারি কোনো উদ্যোগের অংশ হতে চায় না তারা। সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটিতেও বিরোধী দল প্রতিনিধি দেয়নি।
এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামী-এনসিপির নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের যেসব শরিক দলের সংসদে প্রতিনিধিত্ব নেই, তারাও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় কোনোভাবে অংশ হতে চায় না। এ কারণে এ দলগুলোর মতবিনিময়ে অংশ নেওয়ার সম্ভাবনা নেই। এর বাইরে আরও দুয়েকটি দল মতবিনিময়ে অংশ না নিতে পারে বলে সূত্র জানিয়েছে।

