

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে মায়ের জন্য নির্ধারিত একটি ইনজেকশন ভুল করে নবজাতক শিশুকে দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালের এনআইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর শিশুটির মায়ের জন্য নির্ধারিত ইনজেকশনটি নবজাতককে দেওয়ার সময় তার মা বিষয়টি নার্সকে জানান। তিনি নার্সকে বলেন, ইনজেকশনটি তার জন্য নির্ধারিত। তবে অভিযোগ, মায়ের আপত্তি সত্ত্বেও নার্স শিশুটিকে ইনজেকশনটি পুশ করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনআইসিইউতে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির বাবা মো. হাসান বলেন, ‘আমার স্ত্রী নার্সকে বলেছিল, এই ইনজেকশনটি তার জন্য, শিশুর জন্য নয়। কিন্তু নার্স উল্টো তাকে ধমক দিয়ে বলেন, “আপনি কি আমার ডিউটি করেন?” এরপর মায়ের নিষেধ সত্ত্বেও নবজাতককে ইনজেকশনটি দেওয়া হয়।’
তিনি অভিযোগ করেন, ‘ওই নার্স মাত্র দুই মাস আগে হাসপাতালে যোগ দিয়েছেন। তিনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে তাকে এমন দায়িত্ব কেন দেওয়া হলো? শুধু নার্সের বিচার করলেই হবে না, হাসপাতাল কর্তৃপক্ষেরও দায় রয়েছে। আমাদের সন্তানকে জীবন-মৃত্যুর ঝুঁকিতে ফেলা হয়েছে।’
ঘটনার খবর পেয়ে পুলিশও হাসপাতালে যায়। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ভুল করে শিশুকে ইনজেকশন পুশ করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা স্বীকার করেছেন।’
এদিকে, ভুল করে ইনজেকশন দেওয়ার বিষয়টি স্বীকার করেছে সিএসসিআর কর্তৃপক্ষও।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোরশেদুল করিম চৌধুরী বলেন, ঘটনা জানার পর দুইজন কনসালটেন্টকে ডেকে শিশুটিকে পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার সময় শিশুটি কান্না করছিল এবং মায়ের দুধও পান করেছে।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১২ ঘণ্টা পরপর শিশুটির রক্ত পরীক্ষা করা হবে। তার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
হাসপাতালের এমডি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে শিশুটিকে হাসপাতাল থেকে নেওয়া ঠিক হবে না। তাই প্রয়োজনীয় চিকিৎসা ও ফলোআপের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

