ঢাকা
প্রকাশিত : September 6, 2026
আপডেট: September 6, 2026
প্রকাশিত : September 6, 2026

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিন দুই মার্কিন দূতকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সহজ নয়। তবে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উইটকফ রাশিয়া ও ইউক্রেনের রাজধানী মস্কো ও কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান। রোববার মস্কো থেকে কিয়েভে যাবেন উইটকফ ও কুশনার। ইউক্রেনের রাজধানীতে এটিই হবে তাদের প্রথম সফর।

গেল শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন তার দূতরা। তবে এর আগে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলো সফল হয়নি।

পুতিন বলেন, এ ধরনের যোগাযোগ সবসময়ই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের শান্তি প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। মার্কিন দূতদের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও জানান।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠককে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেছেন।

তিনি জানান, ইউক্রেন সংকটের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য বড় প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির বিষয়টিও আলোচনায় এসেছে। একই সঙ্গে সংঘাতের ‘মূল কারণগুলো’ নিয়েও আলোচনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি মার্কিন দূতদের সঙ্গে কথা বলেছেন। কিয়েভে রোববারের বৈঠকের প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে।

জেলেনস্কি বলেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা না চালানোর জন্য ইউক্রেন প্রস্তুত। বিনিময়ে রাশিয়ার কাছ থেকেও কিয়েভে হামলা বন্ধ রাখার প্রত্যাশা করেন তিনি।

রুশ গণমাধ্যম জানিয়েছে, মার্কিন দূতদের সফর উপলক্ষে কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন পুতিন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, ইউক্রেনের রাজধানীর বাইরে পুরো দেশে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি মস্কো।

এদিকে, কিয়েভ ও বরিসপিল বিমানবন্দরে রাশিয়ার সাম্প্রতিক হামলাকে ‘বার্তাবাহী হামলা’ হিসেবে দেখছেন জেলেনস্কি। তার ধারণা, মার্কিন প্রতিনিধিদলের সম্ভাব্য বিমান সফর ঠেকাতেই এসব হামলা চালানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে মস্কো থেকে কিয়েভে মার্কিন দূতরা কীভাবে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram