

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। অদ্ভুত গঠন ও ভিন্নধর্মী আকৃতির কারণে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
রোববার সকালে মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজ আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি আনা হয়। তবে অপরিচিত হওয়ায় স্থানীয় বাজারে কোনো ক্রেতা আগ্রহ দেখাননি।
জেলেরা জানান, গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এ অদ্ভুত আকৃতির মাছটি উঠে আসে। সাধারণ মাছের মতো সুস্পষ্ট লেজ না থাকা এবং শরীর চ্যাপ্টা ও ডিম্বাকৃতির হওয়ায় প্রথমে তারা এর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
জেলে সাইফুল ইসলাম ও আব্দুর রব বলেন, বছরের পর বছর মাছ ধরলেও এমন আকৃতির মাছ আগে দেখিনি।
মৎস্য বিশেষজ্ঞরা জানান, মাছটি ‘স্লেন্ডার সানফিশ’ (Ranzania laevis)। এরা মূলত গভীর মহাসাগরের মাছ, মাঝে মাঝে সমুদ্রের উপরিভাগে উঠে রোদে গা ভাসায় বলেই এদের ‘সানফিশ’ বলা হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কুয়াকাটা উপকূলে একের পর এক বিরল মাছ ধরা পড়ছে। এটি বাংলাদেশের সমুদ্রসীমার বৈচিত্র্যময় জলজ পরিবেশ ও নতুন গবেষণার সুযোগ নির্দেশ করে।

