

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, আত্রাই-এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রাথমিকভাবে ১১টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ২০,০০০ টাকা করে সর্বমোট ২,২০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো করা হয়।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সন্তান তথা আমাদের প্রবাসী ভাইদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করার নয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বদাই এই শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে আরও যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করা সম্ভব, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,
যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

