

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাজিব মিয়া (২৪) জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজিব মিয়া বাড়ির সামনের জমিতে বৃষ্টির মাঝে মাছ ধরতেছিল। হঠাৎ আকাশ মেঘ ডেকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজিবের স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা।
মদন থানার ওসি মোঃ সালাহ উদ্দিন করিম জানান, সকালে রাজিব বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

