

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ফোনালাপে তিনি দাবি করেন, ওই ব্যক্তি আগে তাঁকে এক হাজার ও পাঁচশ টাকা দিয়েছেন এবং পরে আরও দুই থেকে তিন হাজার টাকা পাঠানোর কথা বলেন। একই সঙ্গে তিনি আট হাজার টাকার বিষয়েও কথা উল্লেখ করেন।
ফোনালাপের একপর্যায়ে রাতুল শিকদারকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না।’ তিনি আরও বলেন, ‘এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না।’ পাশাপাশি বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে তিনি নিজ এলাকায় তাঁদের প্রভাব খাটাতে না পারার কথাও বলেন।
ফাঁস হওয়া ওই অডিওতে রাতুল শিকদারকে বারবার ওই ব্যক্তির অবস্থান জানতে চাইত এবং সরাসরি দেখা করার জন্য চাপ দিতে শোনা যায়। কথোপকথনের বিভিন্ন অংশে আঞ্চলিক ভাষায় তিনি উত্তেজিত ও হুমকিমূলক বক্তব্য দেন।
এ বিষয়ে রাতুল শিকদার অমির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
তবে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, অডিও রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অডিওটির সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রযুক্তিগত যাচাইয়ের তথ্য জানা যায়নি।

