

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ১২ বছর বয়সী ছেলের সামনে সানজিদা আক্তার রেশমি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে নিজ বাসায় হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় রেশমিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে রেশমির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ব্যবসায়ীর স্ত্রী ইয়াসমিন। এ নিয়ে বিরোধের জেরে ইয়াসমিনসহ কয়েকজন নারী রেশমির বাসায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রেশমির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনার সময় বাসায় থাকা রেশমির ১২ বছর বয়সী ছেলে সাব্বিরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে কয়েকজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে হেফাজতে নেয়।
নিহতের ছেলে সাব্বির জানায়, হামলার সময় বাসায় তার মা ছাড়াও আরও দুজন পুরুষ ছিলেন। পরে কয়েকজন নারী বাসায় ঢুকে তার মায়ের ওপর হামলা চালায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের সহায়তায় তিন নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

