

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে মো. আয়াজের সঙ্গে তার ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর উদ্দিন নিজের পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি মো. আয়াজের শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ কক্সবাজারে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিতার হাতে সন্তানের নয়, বরং সন্তানের গুলিতে পিতার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

