

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রিদোয়ান (১৬) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী ফাজিল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদোয়ান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীরের ছেলে।
জানা যায়, নিহত রিদোয়ান বাসা থেকে মোটরসাইকেল নিয়ে পেট্রোল আনতে উপজেলার বোয়ালি ‘সখীপুর ফিলিং স্টেশন’ নামের পাম্পে যাচ্ছিলেন। প্রতিমা বংকী ফাজিল মাদরাসা এলাকায় পৌঁছলে ধারণা করা হচ্ছে সে কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পি.পি.এম বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

