

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্টে পায়ুপথ হতে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সানি মাই (২৭)।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী মোঃ সানি সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল। এসময় তার আচরণ-গতিবিধি সন্দেহজনক হলে সেখানে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আর্চওয়ে মেটাল ডিটেকটর দিয়ে চেকিং করলে তার কাছে ধাতব দ্রব্য থাকার বিষয়টি ধরা পড়ে।
পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশী খাঁটি স্বর্ণ খোঁচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার ২টির বাজার মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৫৯ বিজিবি’র অধিনায়ক আরো জানান, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি'র তল্লাশি এড়াতে বিফল হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

