

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার (৪ মার্চ) বিকালে জেলা ও দায়রা জজ হায়দার আলী খন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) মামলার রায় প্রদান করেন। মাহিদুর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এক অভিযানে তার নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হন মাহিদুর। এ ঘটনায় ওইদিন র্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান হয়ে বাদী শিবগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালর ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

