

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনতা কর্তৃক আটককৃত দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তরের সময় পুলিশের সাথে ধস্তাধস্তি ও চোরদ্বয়কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় এক বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ওই দুই চোরসহ গ্রেফতারকৃত বিএনপি নেতার ছেলে জাফরুল ইসলাম সাকিব (২৫) কে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, ১ মার্চ (রোববার) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী জামে মসজিদের ঈমাম রুহুল আমীনের ফটোকপির দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার সিসি টিভির ফুটেজ দেখে ওই গ্রামের নজরুলের ছেলে ইমন (১৮) এবং মালেকের ছেলে সজীব (১৯) কে চোর হিসেবে সনাক্ত করে এরাকাবাসী। ব্রাহ্মন্দী গ্রামের বিএনপি নেতা আলীর ছেলে জাফরুল ইসলাম সাকিবের নেতৃত্বে এ নিয়ে সোমবার সকালে স্থানীয় ভাবে এক বৈঠক বসে। সেখানে চোরদ্বয়কে গণপিটুনী দেয়া হয়। এক পর্যায়ে পুলিশের একটি টিম সেখানে যায় এবং গণপিটুনীর ঘটনার বিডিও চিত্র ধারণ করে। ফলে সাকিব পুলিশের মোবইল ফোন কেড়ে নেয় এবং পুলিশকে ঠেলা ধাক্কা দিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। পুলিশ চোরদ্বয়কে তুলে নিয়ে আসতে চাইলে সাকিব তার সহযোগীদেরকে নিয়ে জোর করে চোরদ্বয়কে পুলিশের কাছ থেকে রেখে দেয়। সংবাদ পেয়ে থানার ওসি আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থলে যান এবং সাকিবসহ আটক দুই চোরকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দিয়ে আটক দুই চোরসহ সাকিবকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

