

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে শিশুসহ ১৫ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র্যাব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার এক বাড়ির গুদামঘরে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড ও র্যাব সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়ির গুদামঘর থেকে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। তাঁদের সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

