

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবার ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নতুন ঘোষণা অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল ক্রয়ের বিষয়ে রাজি হয়েছে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, কৃষি ও অন্যান্য প্রযুক্তি কিনবে দিল্লি।
তবে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। গত আগস্টে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। এতে মোট শুল্কের হার দাঁড়িয়েছিলো ৫০ শতাংশে।

