

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে প্লাস্টিকের গোডাউনে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালামাল। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী গোডাউন মালিক সেলিম উদ্দিনের।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউন মালিক সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চালাচ্ছিলেন তার ব্যবসা। আগুনে সব পুড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
সেলিম উদ্দিন বলেন, ‘স্থানীয় বিএসআরএম ফ্যাক্টরি থেকে টেন্ডারের মাধ্যমে বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে গোডাউনে পরিষ্কার করে পুনরায় সেগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য রাখি। দুপুরে হঠাৎ আগুন লেগে মুহুর্তেই গোডাউনের সব ব্যাগ ও মালামাল পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানতে পারিনি। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আজ কাজ বন্ধ থাকায় গোডাউনে কেউ অবস্থান না করায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গোড়াউনে প্রতিদিন ১০-১২ জন শ্রমিক কাজ করেন।’
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, ‘দুপুরের দিকে দূর থেকে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দ্রুত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে সব পুড়ে গেছে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি, তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

