

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার ওই এলাকা এস এম আনিছুর রহমান উত্তমের স্ত্রী। ধারণা করা হচ্ছে বিএনপি নেতা উত্তমকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
স্থানীয় এবং বিএনপি'র নেতাকর্মীরা বলেন, মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় নামাজ শেষ করে উত্তম ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার রাতে উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যায়। এসময় আড়ালে থাকা মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কোপাতে থাকে। পরে তার ডাকচিৎকারে স্থানীয় এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, ফ্যাক্টরির বাইরে দুইজন দাঁড়িয়ে ছিলেন, আর ভিতরে একজন মুখ বাঁধা অবস্থায় ধারালো অস্ত্র দিয়েছিলো। ধারণা করা হচ্ছে মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকে হত্যা করার উদ্দেশ্য তারা এসেছিলো।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমরা এ ঘটনায় শোকাহত।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

