

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের তিনদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত রোববার ভোরে ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয় ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

