

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় অবৈধ চার চাকার যান ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাংশার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ড্রাম ট্রাক চালক সুমন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে পাকরাও করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে পাংশা থানায় একটি মামলা হয়েছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রবিউল ইসলাম। তিনি পাংশায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ট্রাকচালক মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে।

