

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অফিস সহকারী আবু তালেব (৫৫) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর (বিলপাড়া) এলাকার মৃত ইয়াকুবের পুত্র। তিনি মোটরসাইকেল যোগে বাড়ী থেকে রূপগঞ্জ যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের পাকিস্তানী মিল এলাকায় ট্রাক চাপায় নিহত হন।
নিহতের স্বজনরা জানান, মালবাহী ট্রাকের চাপায় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আবু তালেব গুরুতর আহত হলে তাকে পার্শ্ববর্তী ইউ এস বাংলা হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

