

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দুই বাড়ীতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহতকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের পাশে হাওলাদার ও জোমাদ্দার বাড়ীতে ওই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জোমাদ্দারের বাড়ীতে গভীর রাত ৩ টার দিকে হানা দেয় ৫ জনের এক ডাকাতদল। তারা বাড়ির লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ কয়েক লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। এক প্রতিবেশীর মুঠোফোনে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। এসময় বাকিরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুই ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় উজ্জ্বল (৩৫) এবং গুরুতর আহত হয় রাজীব জোমাদ্দার (৩০)। পুলিশ ওই দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গ্রেফতারকৃত আহত রাজীব জোমাদ্দার বলেন, তার বাবার নাম আবদুস সত্তার জোমাদ্দার, গ্রামের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে। নিহত উজ্জ্বলের বাড়ী বাউফলে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত নিহত দুইজনই পুলিশ হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।

