

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পিছনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ৬ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও একই এলাকার মামুন বিশ্বাশের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক আত্মীয়কে রিসিভ করার উদ্দেশ্যে মাসুদ বিশ্বাস তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাস যোগে রওনা হন। পরে মাইক্রোবাসটি পদ্মা সেতুর কাছে সিমানা নামক স্থানে আসলে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নামে দুইজনের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহুরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

