

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘ বছর ধরে ওই বাজার এলাকায় মউল রাস্তার পাশে প্রভাবশালী একটি মহল অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার শতাধিক ভাড়া দোকানির নিয়মিত ব্যভসার ওই ৩৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের সরকারি খাস খতিয়ানের জায়গার উপর অবৈধ স্থাপনা উঠিয়ে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য তাদেরকে জানিয়ে দেয়া হয়। কিন্তু তারা তা সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত রাজপাট বাজারে সরকারি খাস খতিয়ানের জায়গায় অভিযান চালানো হয়। এসময় ওই জায়গা থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, এই ৩৩টি স্থাপনায় শতাধিক দোকানি ব্যবসা পরিচালনা করে আসছিল।
উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজপাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর সাহা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

