

কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আনন্দোলনে ফ্যাসিস্ট এর পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে। সেই মাফিয়া তন্ত্র, সন্ত্রাস, দখলদারিত্ব রয়েছে। এখনও লড়াই শেষ হয় নাই, লড়াই চলমান রেখে নতুন দেশ গঠনের জন্য সবাইকে আহবান জানান তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নুতন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই দল গঠিত হয়েছে, যাতে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে না হয়। এদেশের মানুষ যাতে কারো বোঝা হয়ে না থেকে স্বাধীনভাবে সকল অধিকার বুঝে নিতে পারে, নাগরিকের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার ২য় দিনে তিনি আজ দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়াস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসব কথা বলেন। এসময় কুড়িগ্রাম জেলার সমস্যা তুলে ধরে তা সমাধানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদকে নির্বাচিত করার কথা জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড: আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে রাজারহাটের সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত পথসভা শেষে জেলা শহরের ত্রিমোহনীতে পৌছান এনসিপি'র কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি জেলা শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসে শেষ হলে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল সাড়ে ৩ টার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে ফুলবাড়ী উপজেলার উদ্দেশে যাত্রা শুরু করে এনসিপি'র কেন্দ্রীয় নেতারা। ফুলবাড়ী উপজেলা শহরে পথসভা শেষে লালমনিরহাট জেলার যাওয়ার কথা জানায় এনসিপি'র নেতারা। কুড়িগ্রামে এনসিপি'র এ পদযাত্রা ও পথসভার আয়োজন করে জেলা কমিটি।

