

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে নির্যাতনের অভিযোগ ওঠে।
ঘটনার পর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ভুক্তভোগী পরিবারের স্বজন সাইদুল ইসলাম মারুফ দাবি করেন, ডাকাতদল মা ও মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। বর্তমানে স্কুলছাত্রীটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতির ঘটনা এবং ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় ব্যাপক তৎপরতা চালায়। এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদসহ মোট ৬ জন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন আটকের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

